জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনবিচ্ছিন্ন রাজনৈতিক শক্তিগুলোই ভয় দেখিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। কিন্তু বুলেট বা বন্দুকের নল দিয়ে কখনোই মানুষের ভালোবাসা কেনা সম্ভব নয়। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে আয়োজিত পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেবিদ্বারের নির্বাচনি ময়দান এখন সরগরম। হাসনাত আবদুল্লাহ গত কয়েকদিন ধরে বিরতিহীনভাবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গ্রামে গ্রামে গণসংযোগ ও পথসভা করছেন। বৃহস্পতিবারের জনসভায় তিনি তাঁর রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে বলেন, “আমরা কাউকে ফোন দিয়ে হুমকি দিইনি, কাউকে ভয় দেখাইনি। ভয় দেখিয়ে ভালোবাসা জয় করা যায় না। যারা অন্যকে ভয় দেখায়, মনে রাখবেন—তাদের গদি নড়বড়ে হয়ে গেছে। মানুষ তখনই অন্যকে ভয় দেখানোর চেষ্টা করে, যখন সে নিজে ভেতর থেকে ভয় পায়।”
প্রতিহিংসার রাজনীতির বিপরীতে সৃজনশীল প্রতিযোগিতার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “আমরা রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা করতে চাই, কোনো প্রতিহিংসা নয়। আমাদের লড়াই হবে ভালো কাজের প্রতিযোগিতা নিয়ে। আমি ভোটারদের অনুরোধ করব, আপনারা যার যার ভোট স্বাধীনভাবে দেবেন। কোনো ধরনের মারামারিতে জড়াবেন না। যারা মারামারি করে, তারা মূলত পেশিশক্তির মাধ্যমে নিজেদের দলকে উপস্থাপন করতে চায়, যা সুস্থ রাজনীতির পরিপন্থী।”
দেবিদ্বারের স্থানীয় সমস্যা ও চাঁদাবাজি প্রসঙ্গে তিনি অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেন। চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “আমাদের বিরোধিতা যারা করছে, তারা আসলে প্রমাদ গুনছে। তারা বুঝতে পেরেছে যে আমাদের উত্থান মানেই তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি আর মামলাবাজির ব্যবসার অবসান। এই অবৈধ আয়ের পথ বন্ধ হওয়ার ভয়েই তারা এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিরুদ্ধাচরণ শুরু করেছে।”
নিজের নিরাপত্তা ও দেবিদ্বারের মানুষের প্রতি আস্থার কথা জানিয়ে হাসনাত আবদুল্লাহ আবেগঘন কণ্ঠে বলেন, “অনেকে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। কিন্তু আমি পরোয়া করি না। আমাকে রক্ষা করার জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট, তারাই প্রথম আমার ঢাল হিসেবে দাঁড়াবেন। এছাড়া দেবিদ্বারে যারা ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করেন—হোক তারা বিএনপি বা জামায়াতের সাধারণ সমর্থক—তারাও অন্যায়ের বিরুদ্ধে আমার পাশে এসে দাঁড়াবেন বলে আমার বিশ্বাস।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহর নাম আসায় এই এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তাঁর প্রতিটি পথসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। পথসভায় তাঁর সঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত থেকে নির্বাচনি প্রচারণায় অংশ নেন। হাসনাত আবদুল্লাহর এই গণসংযোগ দেবিদ্বারের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

