রংপুরে ১৯ মাস বয়সী এক শিশু ধর্ষণের মামলার প্রধান আসামি মো. রাব্বীকে (২০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত রাব্বী রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা পঞ্চায়েতপাড়ার জিয়াউর রহমানের ছেলে।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সোয়া ৩টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বসনিয়াপাড়ার একটি বাড়ি থেকে প্রধান আসামি মো. রাব্বীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গত ৩১ জুলাই বিকেলে ভুক্তভোগী শিশুটি তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েত পাড়াস্থ নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এ সময় আসামি মো. রাব্বী চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
এই পাশবিকতার ফলে শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত ও জখম হয়। শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করলে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।
র্যাব কর্মকর্তা আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করার পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

