জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই ভক্তদের জন্য নতুন চমক। অভিনয় দক্ষতা ও অনবদ্য রূপের মাধ্যমে তিনি যেমন দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর উপস্থিতি বেশ সরব। এবার সম্পূর্ণ নতুন এক অবতারে ধরা দিলেন এই গুণী অভিনেত্রী, যা দেখে মুগ্ধ তাঁর ভক্ত ও অনুরাগী মহল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নজরকাড়া ছবি ভাগ করে নিয়েছেন জয়া আহসান। এই ছবিগুলিতে তাঁর ফ্যাশন ভাবনা ছিল চিরাচরিত ঘরানার বাইরে গিয়ে একেবারেই ভিন্ন। অভিনেত্রীর পরনে ছিল জমকালো পাথরের কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি পরেছেন ধূসর রঙের জিন্স। ঐতিহ্যবাহী ব্লাউজের সঙ্গে আধুনিক জিন্সের এই ‘ফিউশন লুক’-এ জয়া যেন সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ছবিগুলোতে জয়াকে দেখা যায় কপালে লাল টিপ, খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা পরেছেন, যা তাঁকে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক দিয়েছে। হাতে ছিল পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে এই পুরো সাজের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাঁর হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।
নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো আপেল হাতে ধরে, আবার কখনো মাথায় ভারসাম্য রেখে, এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে লেখেন, “আপেল হয়ো না।”
জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় মন্তব্য বাক্স ভরিয়ে দেন। কেউ লিখেছেন, “খুব সুন্দর লাগছে।” আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “লাভ অফ মাই লাইফ।” অনেকে আবার কৌতুক করে মন্তব্য করেছেন, “পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।”
অভিনেত্রীর এই রহস্যময় ক্যাপশন এবং আপেল হাতে পোজ দেওয়া নতুন কোনো ইঙ্গিত বহন করছে কিনা, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

