বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক মঞ্চ ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বড় ধরনের ধকল সামলে দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে চার সপ্তাহের দীর্ঘ সফর শেষে গত ২৫ নভেম্বর দেশে ফিরে তিনি দেশের মানুষ ও বিনোদন জগতের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে তিনি সেই আন্তর্জাতিক মঞ্চের চ্যালেঞ্জিং অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন।
প্রতিযোগিতায় মুকুট জিততে না পারলেও সেরা ত্রিশে জায়গা করে নেওয়া নিয়ে মিথিলা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে মিস ইউনিভার্সের মঞ্চে তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল, সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এই মডেল-অভিনেত্রী।
মিথিলা জানান, প্রতিযোগিতার সময় দীর্ঘ সময় ধরে তাঁকে হিল পরে থাকতে হয়েছিল, যা তাঁর জন্য একটি বড় মানসিক ও শারীরিক ধকলের কারণ ছিল। তিনি বলেন, “এই মুহূর্তে আমার সবচেয়ে বড় ভয় (বিগেস্ট ফিয়ার) হলো, আমি আর ছয়-সাত ইঞ্চি হিল পরতে চাই না।”
তিনি তাঁর ভয়ের কারণ ব্যাখ্যা করে বলেন, “আমার পুরো জার্নিতে আমি যেহেতু অন্যান্য প্রতিযোগীদের চেয়ে উচ্চতায় সামান্য খাটো ছিলাম, তাই আমাকে পুরোটা সময় সাত ইঞ্চি হিল পরে থাকতে হয়েছে। সেটির জন্য আমার পায়ে অনেক দাগ হয়ে গেছে।”
এখন হিলের কথা শুনলেই যেন মনে ভয় ধরে আসে মিথিলার। তিনি আক্ষেপ করে বলেন, “এই মুহূর্তে হিলের কথা শুনলে আমার এটা একটা দুঃস্বপ্ন (নাইটমেয়ার) মনে হচ্ছে।”
প্রসঙ্গত, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মিথিলা ইতোমধ্যে ইতিহাস তৈরি করেছেন।
এদিকে, আন্তর্জাতিক মঞ্চে সফলভাবে অংশ নেওয়ার পর সম্প্রতি মিথিলা অভিনীত ওয়েবফিল্ম ‘থার্সডে নাইট’ মুক্তি পেয়েছে। বাংলাদেশেরই একটি বাস্তব অপরাধমূলক ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এই ওয়েবফিল্মটি। বন্ধুত্ব, পার্টি, স্মৃতিভ্রম এবং তদন্ত—এই চারটি বিষয়ের ওপর দাঁড়িয়ে পুরো গল্পটি আবর্তিত হয়। মিথিলার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি, ফররুখ রেহান এবং তাওহীদুল তামিল।

