রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর হাট নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদে রাতের আঁধারে দানবাক্সের তালা কেটে টাকা চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। মসজিদের পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দুজন চোরকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।
মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মসজিদের পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ২টা ৪৭ মিনিটে দুই যুবক হেঁটে এসে প্রথমে দানবাক্সের পাশে থাকা লাইট খুলে ফেলে। পরে তারা দানবাক্সের তালা কেটে টাকা চুরি করে নিয়ে যায়।”
ইমাম জানান, মসজিদের দানবাক্সটি সাধারণত ১০ থেকে ১৫ দিন পর পর খোলা হয় এবং প্রতিবার ৫ থেকে ৭০০ টাকা সংগৃহীত হয়। তিনি বলেন, “সবশেষ ১০ দিন আগে তালা খুলে ৫০০ টাকার মতো পাওয়া গিয়েছিল। এই ১০ দিনের মধ্যে আর তালা খোলা হয়নি। তাই ধারণা করা হচ্ছে, চোরেরা হয়তো দানবাক্স থেকে ৫০০ থেকে ৭০০ টাকার মতো চুরি করেছে।”
হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান আরও অভিযোগ করেন, মসজিদের এই দানবাক্সে এর আগেও তিন থেকে চারবার চুরির ঘটনা ঘটেছে।
এদিকে, এই চুরির ঘটনা প্রসঙ্গে তাৎক্ষণিক পুলিশি তৎপরতা সম্পর্কে প্রশ্ন করা হলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” বসন্তপুর ইউনিয়নের বিট অফিসার ও রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ মাহমুদও জানান, তিনি মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা সম্পর্কে অবগত নন, তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন।

