বিশ্বের জ্বালানি রাজনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এবার নতুন এক ‘টোল’ বা পথকর ব্যবস্থা চালুর খবর পাওয়া গেছে। ইরান সরকার এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে মোটা অঙ্কের ট্রানজিট ফি আদায় শুরু করেছে। এই পদক্ষেপকে ওই অঞ্চলে তেহরানের ক্রমবর্ধমান শক্তিমত্তা এবং নিয়ন্ত্রণের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় নির্দিষ্ট কিছু জাহাজ থেকে প্রতি যাত্রায় ২০ লাখ বা ২ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দাবি করা হচ্ছে। বর্তমান মুদ্রাবাজারে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ কোটি ৫০ লাখ টাকারও বেশি।
এটি মূলত একটি অনানুষ্ঠানিক ব্যবস্থা হিসেবে কাজ করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ইতিমধ্যে বেশ কিছু বাণিজ্যিক জাহাজ সমুদ্রযাত্রা সচল রাখতে এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করতে বাধ্য হয়েছে। তবে এই লেনদেনের প্রক্রিয়াটি ঠিক কীভাবে সম্পন্ন হচ্ছে কিংবা কোন মুদ্রার মাধ্যমে টাকা গ্রহণ করা হচ্ছে, সে বিষয়ে এখনো গোপনীয়তা বজায় রাখছে তেহরান।
হরমুজ প্রণালি হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যেখান দিয়ে প্রতিদিন বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এই জলপথের একপাশে ইরান এবং অন্যপাশে ওমান অবস্থিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি একটি উন্মুক্ত নৌপথ হলেও ইরান ঐতিহাসিকভাবেই এখানে নিজের আধিপত্য দাবি করে আসছে। এখন এই নতুন ‘টোল’ ব্যবস্থা চালুর ফলে বিশ্বজুড়ে পণ্য ও জ্বালানি পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে এই ফি আদায়ের বিষয়টি এখনো সব জাহাজের জন্য বাধ্যতামূলক বা পদ্ধতিগত কোনো নিয়ম হিসেবে ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট কিছু দেশ বা কোম্পানির জাহাজের ওপর এই কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এটি মূলত লোহিত সাগরে চলা অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের প্রভাব আরও জোরালো করার একটি কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইতিমধ্যে লোহিত সাগরে বিদ্রোহী তৎপরতার কারণে বিশ্ব বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের এই নতুন শুল্ক আরোপ তাকে আরও জটিল করে তুলবে। তেলের বাজারে এর প্রভাব পড়তে শুরু করলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

