আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই কেন্দ্র দখল বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার কেন্দ্র দখল বা নির্বাচনী অনিয়মের সাথে জড়িত কেউ পার পাবে না; অপরাধী যেই হোক, প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের এক আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কেন্দ্র দখল রোধে এবার আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। ভোটকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা লাগানো হচ্ছে, পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা (Body-worn camera) নিশ্চিত করা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে ওপর থেকে নজরদারি চালানো হবে। এরপরেও যদি কেউ অনিয়ম করতে যায়, সে ভাই হোক বা বোন—কারও রেহাই নেই। তাৎক্ষণিকভাবে ধরা না পড়লেও ড্রোনের ছবি ও ভিডিও ফুটেজ থেকে যাবে। ৩ দিন পর হোক বা ৬ মাস পর, জামিনে বের হলেও তাকে পুনরায় বিচারের মুখোমুখি হতে হবে।”
বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সব বাহিনীর প্রস্তুতি বেশ ভালো ও প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, তারা জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে।” ঝিনাইগাতির সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে তিনি জানান, জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালন ও নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবারের নির্বাচনে সাংবাদিকদের পোলিং সেন্টারে প্রবেশের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশের কোথাও সাংবাদিকদের ওপর বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আপনারা স্বাধীনভাবে পেশাগত কাজ করবেন।”
ফলাফল ঘোষণা নিয়ে তিনি বলেন, এখন প্রযুক্তি অনেক উন্নত। কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের কাছে ফলাফল থাকবে এবং তারা মোবাইলেই তাৎক্ষণিক আপডেট দিয়ে দিতে পারেন। সরকারিভাবে ঘোষণার আগেই জনগণ মোবাইলের মাধ্যমে ফলাফল জেনে যাবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি)-এর সভাপতিত্বে এই সভায় পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ময়মনসিংহের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

