সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে একটি পরিত্যক্ত হাত ধোয়ার বেসিন ধসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে চর শৈলাবাড়ি এলাকার শালুয়াভিটা হাটে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
নিহত শিশুরা হলো— খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) এবং সজিব শেখের মেয়ে সুমি (২)। আহত শিশুর নাম সানজিদা (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা মহামারি (কোভিড-১৯) চলাকালীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে জনসাধারণের হাত ধোয়ার জন্য শালুয়াভিটা হাট এলাকায় এই কংক্রিটের বেসিনটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এটি অযত্নে ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিকেলে ওই তিন শিশু বেসিনটির আশেপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে শিশুরা বেসিনটির ওপর উঠলে জরাজীর্ণ ও নড়বড়ে কাঠামোটি হঠাৎ তাদের ওপর ধসে পড়ে।
ভারী কংক্রিটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রায়হান ও সুমির মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষুব্ধ গ্রামবাসী ও শিশুদের পরিবারের অভিযোগ, নির্মাণের সময় অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। রডের পরিবর্তে বাঁশের কঞ্চি বা নামমাত্র সিমেন্ট ব্যবহারের কারণেই সামান্য চাপে বেসিনটি ধসে পড়েছে বলে তাদের দাবি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের তদারকির অভাবকেও দায়ী করছেন তারা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

