ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বরাবরই নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের দারুণভাবে আনন্দ দেয়। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে আবারো লাইমলাইটে এসেছেন এই ‘ঢালিউড কুইন’। কালো রঙের আধুনিক কাটের পোশাকে তার আবেদনময়ী উপস্থিতি মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে।
প্রকাশিত ছবিগুলোতে অপুকে দেখা যাচ্ছে ব্ল্যাক ড্রেসে, যেখানে আভিজাত্য ও আধুনিকতার এক অপূর্ব মিশেল ঘটেছে। কালো আধুনিক কাটের ব্লাউজের সঙ্গে লম্বা স্কার্ট এবং পাশে ঝুলে থাকা স্বচ্ছ ওড়না তার সাজে নিয়ে এসেছে নাটকীয়তা। বাতাসে ওড়া ওড়না আর অপুর তীক্ষ্ণ চাহনি ছবিগুলোকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। তবে কেবল ছবিই নয়, ছবির ক্যাপশনে দেওয়া তার বার্তাও নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে।
অপু বিশ্বাস লিখেছেন, “নিজের জন্য গর্ববোধ করো; কারণ তুমি প্রতিবার পড়ে গিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছ।” জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজেকে নতুনভাবে ফিরে পাওয়ার এই লড়াই যে তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে, ক্যাপশনটি যেন তারই প্রতিফলন।
ছবির সাজসজ্জাতেও ছিল পরিপক্কতার ছোঁয়া। পরিপাটি করে বাঁধা খোঁপা, গাঢ় আই-মেকআপ আর ন্যুড শেডের লিপস্টিকে অপুকে দেখাচ্ছিল বেশ আত্মপ্রত্যয়ী। গলার ও কানের নীল পাথরের গয়না তার কালো পোশাকের সঙ্গে দারুণ এক বৈপরীত্য তৈরি করেছে, যা তার সৌন্দর্যে যোগ করেছে নতুন পালক।
সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। কমেন্ট বক্সে একজন লিখেছেন, “আমি তো দেখে ফিদা, এক কথায় অসাধারণ!” আরেকজন মন্তব্য করেছেন, “আগের সেই সাধারণ অপু আর নেই, এখনকার অপু অনেক বেশি কনফিডেন্ট এবং গ্ল্যামারাস।”
গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ের মোকাবিলা করতে হয়েছে অপুকে। কিন্তু সেই সব বাধা পেরিয়ে তিনি যেভাবে নিজেকে ফিট রেখেছেন এবং ক্যারিয়ারে মনোনিবেশ করেছেন, তা অনেকের জন্যই অনুপ্রেরণার। তার এই নতুন লুক ও অনুপ্রেরণামূলক বার্তাটি যেন ভক্তদের এটাই মনে করিয়ে দিচ্ছে যে, হার না মানা মনোভাবই সাফল্যের আসল চাবিকাঠি।

