আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটকে কেন্দ্র করে রংপুর জেলায় এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ২৩ হাজার ৫৬৭ জন ভোটার ‘পোস্টাল ব্যালটের’ মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই তালিকায় রয়েছেন প্রবাসী বাংলাদেশি, সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত উৎকর্ষের অংশ হিসেবে এবার ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল, যার সময়সীমা ছিল গত ৫ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কমিশন।
রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিক ১-৯ নং ওয়ার্ড): এখানে ৩ হাজার ২৫৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। আসনটিতে বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ) ও জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলীর (লাঙল) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ): ৩ হাজার ১১৬ জন পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন। এ আসনে ধানের শীষের মোহাম্মদ আলী সরকারের মুখোমুখি দাঁড়িয়েছেন লাঙল প্রতীকের আনিছুল ইসলাম মন্ডল।
রংপুর-৩ (সদর ও রসিক ১০-৩৩ নং ওয়ার্ড): এই আসন থেকে সর্বোচ্চ ৫ হাজার ২৩০ জন পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন। এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (লাঙল) এবং বিএনপির সামসুজ্জামান সামু (ধানের শীষ) ছাড়াও আলোচনায় আছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন রানী (হরিণ)।
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া): ৪ হাজার ৬৪৩ জন ভোটার ডাকযোগে ভোট দেবেন। এখানে মূল লড়াই হওয়ার সম্ভাবনা বিএনপির এমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানের মধ্যে।
রংপুর-৫ (মিঠাপুকুর): ৪ হাজার ৪৪৫ জন ভোটার এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। আসনটিতে জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) ও বিএনপির গোলাম রব্বানী (ধানের শীষ)—দুই রব্বানীর লড়াই নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে।
রংপুর-৬ (পীরগঞ্জ): এখানে ২ হাজার ৮৭৬ জন পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এ আসনে বিএনপির সাইফুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির নুর আলম মিয়া।
রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজের পছন্দমতো ভোট দিয়ে সেটি ডাকঘরের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথ প্রস্তুত রাখা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের রাজনীতিতে এখন উৎসবের আমেজ। পোস্টাল ব্যালটের এই বড় সংখ্যাটি অনেক আসনেই জয়-পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

