অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই দল ঘোষণা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে অস্ট্রেলীয় ঘরোয়া লিগ বিগ ব্যাশে (BBL) ব্যাট হাতে চরম ব্যর্থ হওয়া বাবর আজমকে দলে রাখা নিয়ে উঠছে প্রশ্ন।
সিডনি সিক্সার্সের হয়ে এবারের বিগ ব্যাশটা একেবারেই ভুলে যাওয়ার মতো কাটিয়েছেন বাবর। ১১ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২০২ রান। টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং যেখানে সময়ের দাবি, সেখানে বাবরের স্ট্রাইক রেট ছিল মোটে ১০৩-এর কিছু বেশি। টুর্নামেন্টের মাঝপথেই তাকে জাতীয় দলের ক্যাম্পে তলব করা হয়েছিল। আজ (শুক্রবার) ঘোষিত স্কোয়াডে প্রত্যাশিতভাবেই জায়গা হয়েছে সাবেক এই অধিনায়কের।
পাকিস্তানের জন্য বড় স্বস্তির খবর হলো শাহীন শাহ আফ্রিদির ফেরা। হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে মাঠের বাইরে ছিলেন এই গতি তারকা। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে ফিটনেস ফিরে পাওয়ার যে লড়াই তিনি চালিয়ে যাচ্ছিলেন, তাতে সফল হয়েছেন শাহীন। পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ায় অস্ট্রেলিয়ার বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে তিনিই হবেন পাকিস্তানের প্রধান পেস অস্ত্র।
স্পিন আক্রমণে অভিজ্ঞ শাদাব খানের ওপরই ভরসা রাখছে পিসিবি। তার সঙ্গে ঘূর্ণি বিষ ছড়াতে প্রস্তুত থাকছেন আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ এবং উসমান তারিক। লাহোরে কাল (শনিবার) থেকেই শুরু হচ্ছে দলের কন্ডিশনিং ক্যাম্প, যেখানে স্কোয়াডের সব সদস্য এবং সাপোর্ট স্টাফদের উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পা রাখবে। ২০২২ সালের পর এটিই তাদের দ্বিতীয় পাকিস্তান সফর। দুই দেশের মধ্যকার পরিসংখ্যানে কিছুটা এগিয়ে অজিরা। এখন পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি মোকাবিলায় ১৪টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, বিপরীতে পাকিস্তানের জয় ১২টি। একটি ম্যাচ টাই এবং অন্যটি পরিত্যক্ত হয়েছে।
আগামী ২৯ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এই সিরিজটি উভয় দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান, নাসিম শাহ, শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফাই (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

