দীর্ঘ দুই মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের প্রথম সন্তানকে পৃথিবীর সামনে নিয়ে এলেন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা রাজকুমার রাও এবং তার স্ত্রী অভিনেত্রী পত্রলেখা। কেবল ছবিই নয়, ভক্তদের কৌতূহল মিটিয়ে এই তারকা দম্পতি জানিয়েছেন তাদের রাজকন্যার নামও।
আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবর ভাগ করে নেন রাজকুমার। ছবিতে দেখা যাচ্ছে, বাবা ও মায়ের হাতের তালুর মাঝে পরম শান্তিতে রাখা হয়েছে ছোট্ট সোনামণির হাত। ছবির ক্যাপশনটি ছিল আরও বেশি হৃদয়স্পর্শী। রাজকুমার লিখেছেন, ‘হৃদয়ের সবটুকু আনন্দ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের জীবনের সেরা উপহার ও শ্রেষ্ঠ আশীর্বাদের পরিচয় করিয়ে দিচ্ছি— পার্বতী পাল রাও।’
মজার বিষয় হলো, রাজকুমারের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে মেয়ের নাম ‘পার্বতী’ রাখা এবং একই সঙ্গে মায়ের বংশপদবি ‘পাল’ ও বাবার ‘রাও’ যুক্ত করাকে নেটিজেনরা দারুণভাবে সাধুবাদ জানিয়েছেন। পোস্টটি শেয়ার করার পর থেকেই বলিউডের সহকর্মী এবং ভক্তদের শুভকামনার বন্যায় ভাসছেন এই দম্পতি।
স্মর্তব্য যে, ২০২৫ সালের ১৫ নভেম্বর রাজকুমার ও পত্রলেখার কোলজুড়ে এসেছিল তাদের প্রথম সন্তান। দিনটি ছিল এই দম্পতির জন্য দ্বিগুণ আনন্দের, কারণ ওই দিনেই ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। তবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এতদিন তারা সন্তানকে প্রচারের আড়ালে রেখেছিলেন। দুই মাস পূর্ণ হওয়ার মাহেন্দ্রক্ষণেই মেয়েকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারা।
রাজকুমার ও পত্রলেখার প্রেমকাহিনী বলিউডে একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের ছায়া হয়ে আছেন তারা। ২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমার সেটে তাদের প্রথম আলাপ, সেখান থেকেই গভীর বন্ধুত্ব ও প্রেমের শুরু। ২০২১ সালের নভেম্বরে চণ্ডীগড়ে এক রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।
সংসার ও ক্যারিয়ারের চমৎকার ভারসাম্যের জন্য পরিচিত এই দম্পতির জীবনে এখন নতুন এক অধ্যায় শুরু হলো। রাজকুমার প্রায়ই সাক্ষাৎকারে বলতেন, পত্রলেখার সঙ্গে তার সম্পর্ক কেবল প্রেমের নয়, বরং সম্মানের। সেই সম্মানের বন্ধনে এবার যুক্ত হলো ছোট্ট পার্বতী। তার আগমনে রাজকুমার-পত্রলেখার সাজানো বাগানে এখন শুধুই আনন্দের গুঞ্জন।

