জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, শোষক ও চাঁদাবাজদের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। তিনি দাবি করেন, গণজোয়ার দেখে চাঁদাবাজরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং তাদের ‘ঘুম হারাম’ হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা কোনো উপায় না পেয়ে এখন সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “চাঁদাবাজরা এখন মরিয়া হয়ে ভোটারদের ফোনে হুমকি-ধামকি দিচ্ছে। তারা বলছে কেন্দ্র দখল করবে, সাধারণ মানুষকে ভোট দিতে দেবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, গুন্ডা-হুন্ডার ভয় দেখিয়ে মানুষকে দাবিয়ে রাখার দিন এখন আর নেই। মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা কোনো ঋণখেলাপি বা জনগণের অর্থ লুণ্ঠনকারীকে ক্ষমতায় দেখতে চায় না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচিত হওয়ার পর গোমতীর মাটি লুট করার কিংবা জনগণের হক মেরে খাওয়ার স্বপ্ন দেখছে, দেবিদ্বারের জনগণ এবার তাদের ব্যালটের মাধ্যমে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে।
বিগত দিনের স্মৃতিচারণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজি এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার সাদামাটা প্রচারণার কথা উল্লেখ করে তিনি বলেন, “শহীদ হাদি মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি চেয়েছিলেন রাষ্ট্রে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। ঘাতকরা তাকে বাঁচতে দেয়নি, কিন্তু তার রেখে যাওয়া কাজ বাস্তবায়নের দায়িত্ব এখন আমরা নিয়েছি। শহীদ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।”
উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় ‘গুন্ডামি’ বন্ধ করার লক্ষে আসন্ন গণভোটে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে।
গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠানের সভাপতিত্বে উক্ত দোয়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসাসহ স্থানীয় জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

