ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর আটকের ঘটনার পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের প্রভাব লক্ষ্য করা গেছে। সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য দরপতন ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের বৃহত্তম তেলের মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতায় তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার বদলে উল্টো দাম কমার প্রবণতা দেখা দিয়েছে।
গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে নিউইয়র্কে নিয়ে আসে মার্কিন সেনারা। এই আকস্মিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের পরপরই সোমবার বাজার খোলার সাথে সাথে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ০.৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০.৫২ ডলারে দাঁড়িয়েছে। একইভাবে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও সমপরিমাণ কমে ব্যারেলপ্রতি ৫৭.১১ ডলারে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সাধারণত কোনো বড় তেল উৎপাদনকারী দেশে যুদ্ধ বা অস্থিরতা দেখা দিলে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও ভেনেজুয়েলার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তারা বলছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল উৎপাদন এমনিতেই তলানিতে ঠেকেছিল। বর্তমানে দেশটি বিশ্ববাজারের চাহিদার মাত্র ১ শতাংশ সরবরাহ করে। ফলে মাদুরোকে অপসারণের পর যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার তেলের ক্ষেত্রগুলো আধুনিকায়ন হলে ভবিষ্যতে সরবরাহ আরও বাড়বে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা দাম কমিয়ে দিয়েছেন। তাছাড়া চীনের অর্থনৈতিক মন্দার কারণে বৈশ্বিক চাহিদাও বর্তমানে সীমিত।
তবে তেলের বাজারে মন্দা থাকলেও সোনা, রুপাসহ মূল্যবান ধাতুর বাজারে রেকর্ড দাম বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আমেরিকার এই সংকটের ফলে বিনিয়োগকারীরা শেয়ারবাজার বা তেল থেকে মূলধন সরিয়ে তুলনামূলক নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পরিচিত সোনার দিকে ঝুঁকছেন। সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২ শতাংশ বা আউন্সপ্রতি ৯২ ডলার বেড়ে ৪ হাজার ৪২২ ডলারের নতুন মাইলফলক স্পর্শ করেছে। রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে প্রায় ৩.৫ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, যখনই আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা বা যুদ্ধের আশঙ্কা তৈরি হয়, তখনই বিনিয়োগকারীরা সোনাকে সবথেকে বিশ্বস্ত সম্পদ হিসেবে বিবেচনা করেন। ভেনেজুয়েলায় মার্কিন হামলার ফলে সৃষ্ট উত্তেজনা কতদূর গড়ায়, সেদিকেই এখন তাকিয়ে আছে বৈশ্বিক বাজার। আপাতত তেলের দাম নিম্নমুখী থাকলেও সোনার ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের মাঝে নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে।

