ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মরসুমের নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খান। রেকর্ড ৯ কোটি রুপিতে ‘কাটার মাস্টার’ খ্যাত এই ক্রিকেটারকে কেনার পর থেকেই ভারতের ভেতরে রাজনৈতিক ও সামাজিক মহলে শাহরুখকে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও কটাক্ষ। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে, ভারতের হিন্দু ডানপন্থী দল শিবসেনার পক্ষ থেকে এই বলিউড সুপারস্টারকে সরাসরি আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কিছু অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের সাধারণ জনমত ও উগ্রপন্থী সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলার বিষয়ে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই সংবেদনশীল পরিস্থিতির মধ্যে মুস্তাফিজকে বিপুল অঙ্কের বিনিময়ে দলে অন্তর্ভুক্ত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বা ‘গাদ্দার’ হিসেবে অভিহিত করছেন নেটিজেনদের একাংশ। এই সমালোচনার মিছিলে যোগ দিয়েছেন ভারতের বেশ কয়েকজন আধ্যাত্মিক গুরু থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক প্রভাবশালী নেতাও।
বিতর্কের আগুটে ঘি ঢেলে এবার শিবসেনার মুখপাত্র আনন্দ দুবে এক আনুষ্ঠানিক বিবৃতিতে শাহরুখ খানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “শাহরুখ খান যদি নিজের সম্মান এবং দেশের মানুষের আবেগের মর্যাদা দিতে চান, তবে অনতিবিলম্বে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া উচিত।” আনন্দ দুবে আরও দাবি করেন যে, একজন বাংলাদেশি ক্রিকেটার ভারত থেকে যে বিপুল অর্থ উপার্জন করবেন, তা শেষ পর্যন্ত ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। এই জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে তিনি কেকেআর কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এবং শাহরুখ খান এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, এবারের নিলামে মুস্তাফিজের বেস প্রাইস থেকে শুরু করে তাঁর চূড়ান্ত দাম ৯ কোটি রুপিতে পৌঁছানোটা অনেককেই বিস্মিত করেছে। সেই বিস্ময় থেকেই মূলত এই অস্থিরতা ও ক্ষোভের সূত্রপাত। একদিকে ক্রিকেটীয় দক্ষতা হিসেবে মুস্তাফিজ টি-টোয়েন্টি ফরম্যাটে অত্যন্ত কার্যকর, অন্যদিকে মাঠের বাইরের এই রাজনৈতিক চাপ কেকেআর-এর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আইপিএলের ইতিহাস অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্সের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক বেশ পুরনো। সাকিব আল হাসান থেকে শুরু করে লিটন দাস—অনেকেই এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে মুস্তাফিজকে নিয়ে সৃষ্ট এই তোপ সামলানো শাহরুখ খানের জন্য কঠিন হয়ে পড়ছে। শিবসেনার মতো রাজনৈতিক দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের আল্টিমেটাম না মানলে মাঠে ভাঙচুর কিংবা খেলা পণ্ড করার মতো ঘটনাও ঘটতে পারে। এখন দেখার বিষয়, বিসিসিআই এবং কেকেআর কর্তৃপক্ষ এই চাপের মুখে মাথা নত করে নাকি খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখার নীতিতে অটল থাকে।

