অভিনেত্রী শিল্পা শেঠি বর্তমানে বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে এবার নিজের ‘প্রোটেকশন অফ পার্সোনালিটি রাইটস’ (ব্যক্তিত্ব অধিকারের সুরক্ষা) চেয়ে তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। খ্যাতিমান অভিনেত্রী হিসেবে তার নাম ও ছবি অপব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা নিশ্চিত করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এই আইনি প্রক্রিয়ার জন্য তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ খ্যাত আইনজীবী সানা রইস খানের সাহায্য নিচ্ছেন।
বলিউডের অনেক তারকার ব্যক্তিগত ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে এবং অনুমতি ছাড়া ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় শিল্পা শেঠিও আদালতের শরণাপন্ন হয়েছেন। শিল্পা শেঠির মূল অভিযোগ হলো—বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট তার নাম ও ছবি অনুমতি ছাড়াই ভুলভাবে ব্যবহার করছে।
কিছু অসাধু চক্র তাদের প্রচার ও ব্যক্তিগত লাভের স্বার্থে শিল্পার ভুয়ো ছবি ব্যবহার করছে। শুধু তাই নয়, অভিনেত্রীর ছবি ও ভিডিওগুলো বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত আপত্তিকর।
এই ধরনের কার্যকলাপ কেবল শিল্পা শেঠির আর্থিক ক্ষতিই করছে না, বরং বছরের পর বছর ধরে অর্জন করা তার ভাবমূর্তির ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
অভিনেত্রীর আইনজীবী সানা রইস খান এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “শিল্পা শেঠির কষ্টার্জিত খ্যাতি কেউ তার অনুমতি ছাড়া নিজের স্বার্থে কাজে লাগাতে পারে না। বছরের পর বছর ধরে অর্জন করা এই খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করছে এসব ছবির ব্যবহার। তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ব্যক্তিগত লাভের জন্য কোনোভাবেই অভিনেত্রীর ছবি এভাবে ব্যবহার করা যায় না।”
প্রসঙ্গত, শিল্পা শেঠির আগে বলিউডের আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারকা একই ধরনের আইনি সুরক্ষা চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং হৃতিক রোশনের মতো প্রবীণ অভিনেতারাও তাদের ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় আদালতের কাছে প্রতিকার চেয়েছিলেন। এই আইনি পদক্ষেপগুলো তারকাদের ব্যক্তিগত ও পেশাগত সম্মান রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির সৃষ্টি করছে।

