সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীদের অশালীন মন্তব্য ও আক্রমণের শিকার হওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে এবার নেটিজেনদের কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তাঁর মতে, বাস্তবে নারীদের হয়রানি করলে যে শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য করলেও একই ধরনের শাস্তি হওয়া উচিত।
সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মে তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্য ও আক্রমণ বেড়ে যাওয়ায় ‘মহারানি’ খ্যাত এই অভিনেত্রী প্রকাশ্যে মুখ খুললেন।
হুমা কুরেশি তাঁর বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান দ্বিমুখী মানসিকতার সমালোচনা করেন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বিকিনি পরা ছবি পোস্ট করতে বলেন। আবার ছবি পোস্ট করার পর লেখেন, ‘এগুলো কী করছেন?’ এই ধরনের দ্বিচারিতা যেমন বিরক্তিকর, তেমনই দুঃখজনক।”
তিনি দৃঢ়ভাবে দাবি করেন, “রাস্তায় মহিলাদের কুমন্তব্য করলে যেমন শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় একই কাজ করলে একই ধরনের শাস্তি হওয়া উচিত। কোনো পার্থক্য থাকা উচিত নয়।”
অভিনেত্রী আরও স্পষ্ট করে বলেন, “যদি কেউ আমার মেসেজে অশ্লীল ছবি বা কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তবে তারও শাস্তি হওয়া উচিত।” তিনি সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি শুধু এইটুকুই বলতে চাই, নারীরা কী পোশাক পরছেন, তাদের মেকআপ, জীবনশৈলী, কাজ, বা রাতে কখন বাড়ি ফিরছেন— এসব নিয়ে সমালোচনা করা বন্ধ করুন।”
হুমা কুরেশির এই বক্তব্যের সঙ্গে বেশিরভাগ নারী ও পুরুষ ব্যবহারকারী একমত পোষণ করেছেন। তাঁদের মতে, যেকোনো মাধ্যমে শ্লীলতাহানি বা হয়রানি অত্যন্ত নিন্দনীয় কাজ, তাই এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।
অভিনয় জীবনের দিক থেকে হুমা কুরেশির সময়টা বর্তমানে বেশ ভালো যাচ্ছে। তাঁর অভিনীত সিরিজ ‘দিল্লি ক্রাইম থ্রি’ এবং ‘মহারানি ফোর’ দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

