কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তীব্র ট্রল এবং কটাক্ষের শিকার হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ ডিসেম্বর) তার স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী, টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সম্প্রতি যুবভারতী স্টেডিয়ামে মেসির খেলা দেখতে হাজার হাজার দর্শক ভিড় করেছিলেন। ভিড়ের কারণে অনেকেই মেসিকে ভালোভাবে দেখতে পাননি। এমন পরিস্থিতিতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী মেসির সঙ্গে একটি ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়ার পরপরই শুরু হয় সমালোচনা। অনেক ফুটবলপ্রেমী অভিযোগ করেন, তারা বিপুল অর্থ খরচ করেও মেসির কাছাকাছি পৌঁছাতে পারেননি, অথচ অভিনেত্রী হওয়ার সুবাদে শুভশ্রী বিশেষ প্রাধান্য পেয়েছেন এবং সহজে তার সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন।
শুভশ্রীকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া কটাক্ষ এবং ব্যক্তিগত আক্রমণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন যে, শুভশ্রীকে শারীরিক গঠন, পরিবার ও সন্তান নিয়ে কুৎসা করা হচ্ছে।
রাজ চক্রবর্তী তার বিবৃতিতে বলেন, “কেউই তার পেশা, লিঙ্গ বা পরিবারের কারণে সমালোচিত হওয়ার যোগ্য নয়। শুভশ্রী মা, স্ত্রী, অভিনেত্রী, বন্ধু বা মেসি ফ্যান—সব পরিচয়েই একজন মানুষ।”
তিনি আরও বলেন, এই আক্রমণ শুধুমাত্র ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নয়, এর পেছনে রাজনৈতিক প্রভাবও থাকতে পারে। রাজ চক্রবর্তীর দাবি, যুবভারতীতে সেদিন যে বিশৃঙ্খলা হয়েছিল, তা সাধারণ ফুটবলপ্রেমীদের অসম্মান করেছে। তাই তিনি দোষীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

