সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজার ফেরার পথে মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়েছিল ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ নামের একটি পর্যটকবাহী জাহাজ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। জাহাজটিতে প্রায় ৩ শতাধিক পর্যটকসহ যাত্রী ছিলেন।
সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাহাজটি সাময়িকভাবে সমুদ্রে আটকা পড়ে।
তিনি আরও জানান, ত্রুটি মেরামতের পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাহাজটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। আটকে পড়া যাত্রীদের মধ্যে প্রায় সবাই পর্যটক ছিলেন।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।

