ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারী যেই হোক না কেন, তাদের শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল শরীফ ওসমান হাদিকে ‘জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক’ হিসেবে উল্লেখ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি হাদির ওপর গুলির ঘটনাটিকে বিচ্ছিন্ন উল্লেখ করে বলেন, এর মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে।
তিনি অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে। কিন্তু তারা সফল হবে না।”
আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
এ সময় অ্যাটর্নি জেনারেল বেগম খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

