আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ জামিল (জামিল হিজাযী)।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন।
জানা গেছে, সাইয়েদ জামিলের পৈত্রিক নিবাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে। পেশাগত জীবন গণমাধ্যমকর্মী হিসেবে শুরু করলেও পরবর্তীতে তিনি পর্যটন ব্যবসায় যুক্ত হন। বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টে ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইয়েদ জামিল তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের গর্ভ থেকে এনসিপি’র জন্ম হয়েছে। যে আকাঙ্ক্ষা থেকে আমরা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম, আমাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি।”
তিনি আক্ষেপ করে বলেন, “কেনো বাস্তবায়ন হয়নি তা আমরা সবাই জানি। এক দস্যুর দল পালিয়ে গেছে, এখন আরেক দস্যুর দল ক্ষমতায় যেতে উদগ্রীব, লোভাতুর হয়ে আছে। রাজনীতির এই নষ্ট সংস্কৃতি বদলে দেবার আকাঙ্ক্ষা আমাদের।”
এনসিপি’র এই প্রার্থী দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ— আমরা কালো টাকা, পেশি শক্তি ও নিকৃষ্ট লোকের নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়বো। আমার বিশ্বাস, দেশের জনগণ আমাদের এই লড়ায়ের শামিল হবে। কেনোনা এই লড়াই মুক্তিকামী জনগণেরও লড়াই।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাইয়েদ জামিল মন্তব্য করেন, “আমাদের সামনে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ এসেছে। সুযোগ এসেছে আমাদের সংসদীয় আসনগুলি পনর্গঠনের।” তিনি আশাবাদী, নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে এই সুযোগকে কাজে লাগানো সম্ভব হবে।

