আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জন্য অবসরপ্রাপ্ত মেজর ও সাবেক সংসদ সদস্য মনজুর কাদের-কে মনোনয়ন দিয়েছে। এই আসনে মনজুর কাদেরের সঙ্গে এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারও মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন।
মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহিন সরকার ঢাকা পোস্টকে জানান, তিনি মনজুর কাদেরের মনোনয়নকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, “মনজুর কাদের একজন জনপ্রিয় নেতা এবং তিনি অতীতে সংসদ সদস্য ছিলেন। তাঁর মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এনসিপিতে যুক্ত হওয়ায় আমি সাধুবাদ জানায়।” একইসঙ্গে তিনি দলীয় স্বার্থে নিজের অবস্থান থেকে মনজুর কাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
মনজুর কাদেরের রাজনৈতিক জীবনের সূচনা হয় বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর। তিনি ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দেন এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে (১৯৮৬ ও ১৯৮৮) পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৮ সালের ৩ মার্চ থেকে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে, ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন এবং ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এছাড়াও, তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে, ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে পাবনা-১ আসন থেকে এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি মাত্র ১২৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এবার মনজুর কাদের সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে এনসিপি’র মনোনয়ন নিয়ে নির্বাচনী মাঠে নামছেন।
এছাড়া, সিরাজগঞ্জ জেলার অন্য আসনগুলোতে এনসিপি’র প্রাথমিক মনোনয়নপ্রাপ্তরা হলেন: সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) এবং সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ।

