চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে শান্তৌ শহরের চার তলা বিশিষ্ট ঐ আবাসিক ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় রাত ১০টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
যদিও আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই অগ্নিকাণ্ডের তাণ্ডব ছিল ব্যাপক। ফায়ার সার্ভিস কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে ভবনটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১৬০০ বর্গফুট (১ হাজার ৬০০ ফুট) এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটি থেকে মোট ১২ জনকে উদ্ধার করেন। এর মধ্যে আটজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে, হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় আহতদেরও মৃত্যু হয়।
কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস বিভাগ ইতিমধ্যেই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গুয়াংডং প্রদেশের পাশেই অবস্থিত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। গত মাসে হংকংয়ের একটি আবাসিক এলাকায় আরও ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যেখানে দুর্ভাগ্যজনকভাবে ১৬০ জন মানুষ নিহত হয়েছিলেন।

