বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এদেশের মানুষ এখনও প্রকৃত মুক্তি পায়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার মাটিতে আর কোনো নারীর অসম্মান বরদাশত করা হবে না এবং জোটের কোনো নারী কর্মীর গায়ে হাত তোলার দুঃসাহস দেখালে তার পরিণাম হবে ভয়াবহ।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমি (এমএন একাডেমি) মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী শাহ আকরাম আলীর (রিকশা প্রতীক) পক্ষে এই সভার আয়োজন করা হয়।
মাওলানা মামুনুল হক স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, “আপনারা আল্লামা আকরাম আলীকে বুজুর্গ ও শান্ত মানুষ দেখে নরম ভাববেন না। যদি তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, তবে জনতার কাঠগড়ায় আপনাদের পাই পাই করে হিসাব দিতে হবে।” তিনি আরও অভিযোগ করেন যে, মাঠ বরাদ্দ নিয়ে গড়িমসি করা হয়েছে এবং জোটের ভোটারদের প্রতিনিয়ত ভয়ভীতি দেখানো হচ্ছে। এর দায়ভার ফরিদপুরের ডিসি ও স্থানীয় প্রশাসনকে নিতে হবে বলে তিনি সতর্ক করেন।
বক্তব্যে কারও নাম উল্লেখ না করলেও ওই আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, “আপনার বাবার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু আপনি যার বিরুদ্ধে মাঠে নেমেছেন, তিনি আপনার বাবার বয়সী। যদি আপনি তাকে সম্মান করতে না পারেন, তবে বিজয়ী হলেও সংসদে ঢোকার সময় অনেক হিসাব মেলাতে হবে।” তিনি প্রতিদ্বন্দ্বীদের প্রতি কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করে সম্মানজনক আচরণের আহ্বান জানান।
মা-বোনদের নির্ভয়ে নির্বাচনী প্রচারণায় নামার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এরপরেও যদি কোনো নারীর প্রতি অবমাননা করা হয়, তবে আমরা এমন ‘রিঅ্যাকশন’ শুরু করব যে পালানোর পথ পাবেন না।” তিনি আরও বলেন, ১১ দলীয় জোট কোনো বিশেষ দল বা ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে।
জনসভায় ফরিদপুর-২ আসনের প্রার্থী শাহ আকরাম আলীসহ জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ভোটারদের প্রতি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দিয়ে আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের অবসান ঘটানোর আহ্বান জানান।

