দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে জল্পনার শেষ নেই। তাঁদের প্রেম এবং সম্ভাব্য বিয়ে নিয়ে যখন বলিপাড়া থেকে টলিপাড়া সবখানেই শোরগোল, ঠিক তখনই এই জুটি দিলেন এক বড় ঘোষণা। গুঞ্জনকে নতুন মাত্রা দিয়ে গত সোমবার বিজয়ের নতুন সিনেমা ‘রণবালী’র নাম ও মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, যেখানে কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন রাশমিকা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পর্দার ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ খ্যাত এই জুটির রসায়ন আবারও বড় পর্দায় ফুটিয়ে তুলতেই এই আয়োজন। দীর্ঘ বিরতির পর বিজয়ের এই ১৪তম প্রজেক্টটি পরিচালনা করছেন রাহুল সংকৃতিয়ান। এর আগে রাহুলের পরিচালনায় ‘ট্যাক্সিওয়ালা’ সিনেমায় অভিনয় করেছিলেন বিজয়। নতুন এই সিনেমাটির প্রযোজনা করছে নামী প্রতিষ্ঠান মৈত্রী মুভি মেকারস।
‘রণবালী’ কোনো সাধারণ রোমান্টিক ঘরানার সিনেমা নয়; বরং এটি একটি উচ্চাভিলাষী পিরিয়ড ড্রামা। সিনেমার গল্প সাজানো হয়েছে উনিশ শতকের ব্রিটিশ শাসিত ভারতের প্রেক্ষাপটে। বিশেষ করে ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ে ভারতবর্ষের সাধারণ মানুষের ওপর ঔপনিবেশিক শাসনের যে ভয়াবহ নিষ্ঠুরতা চলেছিল, তা এই চলচ্চিত্রের মূল ভিত্তি। নির্মাতারা দাবি করছেন, এটি ইতিহাসের এমন এক অন্ধকার অধ্যায় যা আগে কখনো সেলুলয়েডে এভাবে আসেনি।
সিনেমাটির একটি বিশেষ ঝলক বা অ্যানিমেটেড টিজার ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। সেখানে ব্রিটিশ রাজের শোষণ, দুর্ভিক্ষ এবং এর বিপরীতে স্থানীয় যোদ্ধাদের প্রতিরোধের চিত্র ফুটে উঠেছে। বিজয়ের চরিত্রটি এখানে একজন অদম্য যোদ্ধার, যাঁকে ব্রিটিশরা ‘স্যাভেজ’ বা বন্য হিসেবে অভিহিত করেছিল। বিজয়ের ভাষায়, “ব্রিটিশরা তাঁকে বন্য বলেছিল, আর আমি এতে দ্বিমত পোষণ করি না। কারণ তিনি ছিলেন আমাদের বীর।”
সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ভারতের জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়-অতুল। এছাড়াও এতে ‘দ্য মামি’ খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড ভোসলুকে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাবে, যা সিনেমার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। টিজারে প্রকাশিত তথ্যমতে, ২০২৬ সালের ১১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এই মেগা প্রজেক্টটি।
এদিকে, পর্দার এই রসায়ন ছাড়িয়ে বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, বিজয় ও রাশমিকা ২০২৫ সালের অক্টোবর মাসে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই রাজস্থানে তাঁদের বিয়ের সানাই বাজতে পারে। যদিও এখন পর্যন্ত এই তারকা জুটি সরাসরি বিয়ের কোনো তারিখ নিশ্চিত করেননি।
পেশাগত এবং ব্যক্তিগত—দুই জীবন মিলিয়েই এখন শিরোনামে রয়েছেন এই দুই মহাতারকা। ‘রণবালী’ সিনেমার মাধ্যমে তাঁদের অন-স্ক্রিন পুনর্মিলন কেবল ভক্তদের জন্যই নয়, বরং ভারতীয় সিনেমার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবেও দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় এই ‘স্যাভেজ’ বীরের কাহিনী কতটুকু দাগ কাটতে পারে দর্শকদের হৃদয়ে।

