দিন কয়েক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছিল—উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক আর বিষণ্ণ চেহারায় এক তরুণী। সাধারণ মানুষের কাছে সেই ‘পাগলি লুক’ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি করেছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তবে সেই বিধ্বস্ত চেহারা ছাপিয়ে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সম্পূর্ণ ভিন্ন এক লুকে ধরা দিলেন এই তারকা। এবার তার চোখ ধাঁধানো গ্ল্যামারাস অবতার দেখে রীতিমতো থমকে গেছেন ভক্তরা।
নিজের অফিশিয়াল হ্যান্ডেলে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। যেখানে তাকে দেখা যাচ্ছে একটি ঝকঝকে কালো রঙের বডি-ফিটিং গাউনে। নিখুঁতভাবে বসানো পাথর আর আভিজাত্যে ঘেরা এই পোশাকে অভিনেত্রীর সৌন্দর্য যেন ঠিকরে বেরোচ্ছে। হাই পনিটেইল হেয়ারস্টাইল আর হালকা মেকআপে তার এই ‘গর্জাস’ লুক মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেটে। ভক্তরা বলছেন, কয়েক দিন আগের সেই ময়লা জামার পাগলি আর এই গ্ল্যামারাস কেয়া পায়েলকে মেলাতে কষ্ট হচ্ছে তাদের।
শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষ ছবি আলাদা করে নজর কেড়েছে সবার। সেখানে দেখা যাচ্ছে একটি সোনালী ট্রফির পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর জন্য ঢাকার রেডিসন ব্লু হোটেলে আনা হয়েছিল, তখনই এই বিশেষ ফটোশুটটি করেছিলেন তিনি। কালো পোশাক আর ট্রফির সেই আভিজাত্য যেন এক সুতোয় গেঁথেছে অভিনেত্রীকে।
কেয়া পায়েলের এই পোস্টের নিচে মন্তব্যের পাহাড় জমেছে। কেউ কেউ অভিনেত্রীর অভিনয়ের বৈচিত্র্যের প্রশংসা করছেন, আবার কেউ মজা করে সেই পাগলি লুকের রেশ টেনে লিখছেন, ‘পাগলিটা হঠাৎ এত সুন্দর জামা পেল কোথায়!’ একজন ভক্ত তো অভিনেত্রীকে ট্রফির চেয়েও দামী বলে আখ্যা দিয়েছেন। তবে মজার ছলে অনেক অনুরাগী এখনও সেই ‘পাগলি’ সাজটিকেই বেশি নান্দনিক ও বাস্তবসম্মত বলে দাবি করছেন।
উল্লেখ্য, সেই আলোচিত ‘পাগলি লুক’টি মূলত একটি নাটকের চরিত্রের প্রয়োজনে নেওয়া হয়েছিল। নাম ঠিক না হওয়া সেই নাটকে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। অভিনয়ের খাতিরে নিজেকে এভাবে ভেঙে গড়া এবং চরিত্রের প্রয়োজনে সৌন্দর্য বিসর্জন দিতে কুণ্ঠাবোধ না করায় সহকর্মী ও সমালোচকদের কাছ থেকে বাহবা পাচ্ছেন এই তরুণী।
পর্দায় কেবল সুন্দর চেহারায় হাজির হওয়া নয়, বরং অভিনয়ের গভীরতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়াই যে তার মূল লক্ষ্য—কেয়া পায়েল যেন বারবার সেই প্রমাণই দিচ্ছেন। একদিকে মাটির কাছাকাছি থাকা সাধারণ চরিত্র, অন্যদিকে গ্ল্যামারাস উপস্থিতি; দুই মেরুর এই বৈচিত্র্যময় রূপ দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।

