২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় উদ্ভূত নিরাপত্তা শঙ্কা এবং ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে আজ বুধবার বিকেলে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের অন্য পরিচালকরা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা সাফ জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ এবং ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে তারা এখনো অনড়।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, মুস্তাফিজুর রহমান ইস্যুতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা কেবল একজন খেলোয়াড়ের বিষয় নয়, বরং পুরো জাতীয় দলের মর্যাদাও নিরাপত্তার প্রশ্ন। তিনি বলেন, “ভারতে আমাদের ক্রিকেটারদের জন্য যে ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তা নিয়ে আমরা আইসিসিকে আগেই অবহিত করেছি। আজকের বৈঠকে আমরা সরকারের অবস্থান এবং আমাদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আইসিসিকে আমরা আবারও চিঠি দিচ্ছি এবং প্রয়োজনে আরও কঠোর ভাষায় আমাদের উদ্বেগের কথা জানানো হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে খেলতে যাওয়া আমাদের দলের জন্য নিরাপদ নয়।”
বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির ভূমিকার সমালোচনা করে বলেন, “আইসিসি থেকে আমরা যে ফিরতি চিঠি পেয়েছি, তাতে মনে হয়েছে তারা ভারতের মাটিতে আমাদের ক্রিকেটারদের প্রকৃত নিরাপত্তা শঙ্কাটি এখনো অনুধাবন করতে পারেনি। যখন আমাদের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারকে নিরাপত্তার অজুহাতে বাদ দেওয়া হয়, তখন পুরো দলের নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। আমরা আইসিসিকে স্পষ্ট করে দিয়েছি যে, বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি।”
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ ভারতে হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং মুস্তাফিজ ইস্যুতে বিসিবি তাদের অবস্থান পরিবর্তন করেছে। বিসিবির দাবি, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে এবং ব্যক্তিগত স্তরে খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে পুরো দলকে এমন উত্তপ্ত পরিবেশে পাঠানো ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক মঞ্চে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিসিবির এই অনড় অবস্থান আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আসর শুরুর মাত্র এক মাস বাকি থাকতে ভেন্যু পরিবর্তন করা লজিস্টিক দিক থেকে অত্যন্ত কঠিন। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড মনে করে, খেলোয়াড়দের জীবন ও দেশের সম্মানের চেয়ে বড় কিছু হতে পারে না। আইসিসি যদি বাংলাদেশের এই যৌক্তিক দাবি মেনে না নেয়, তবে টাইগারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে। আপাতত বিসিবি আইসিসির চূড়ান্ত জবাবের অপেক্ষায় রয়েছে এবং আগামীকালই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ই-মেইল পাঠানো হবে বলে জানা গেছে।

