টলিউড সুপারস্টার দেব এবং জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘ বছর ধরে বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে রয়েছে। পর্দায় তাদের অসাধারণ রসায়ন যেমন অনুরাগীদের মুগ্ধ করে, তেমনি বাস্তব জীবনেও তাদের ঘনিষ্ঠতা ও দুই পরিবারের অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ তাদের গভীর সম্পর্কের দিকে বারবার ইঙ্গিত দেয়। এই তারকা জুটি কবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন—এই প্রশ্নটিই যেন তাদের পিছু ছাড়ে না।
সাম্প্রতিক দিনগুলোতেও এই প্রশ্নটি বারবার ঘুরেফিরে এসেছে। ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এক অনুরাগীর কাছ থেকে রুক্মিণী মৈত্র আবারও একই প্রশ্নের মুখোমুখি হন। বিয়ে সংক্রান্ত প্রশ্ন শুনে নায়িকা বেশ মজার ছলেই জবাব দিয়েছেন।
রুক্মিণী বলেন, “যে দিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সে দিন আমরা হঠাৎ করেই সকলকে চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।” রুক্মিণীর এই মন্তব্যে ভক্তদের চমকে দেওয়ার একটি ইঙ্গিত স্পষ্ট।
এদিকে, আরেক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের ‘সালমান খান’ হতে চান? অর্থাৎ বলিউডের ভাইজানের মতো তিনিও কি আজীবন অবিবাহিত জীবন কাটানোর পরিকল্পনা করছেন? উত্তরে দেব যে মন্তব্য করেছেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।
দেব বলেন, “আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি।”
তবে অবিবাহিত থাকার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, “তবে এর মানে এই নয় যে আমি আজীবন সিঙ্গল ব্যাচেলর লাইফ লিড করব। বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে আমি যে বিয়ে করতে চাই না, এমনটা নয়। অবশ্যই করব। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে, খুব শিগগিরই সবাই সেই বিষয়ে জানতে পারবে।”
দুই তারকার এই রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভক্তদের মধ্যে তাদের বিয়ের দিনক্ষণ নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তাদের ‘গোপন পরিকল্পনা’ কবে প্রকাশ্যে আসে, এখন সেটাই দেখার বিষয়।

