মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় একটি মালবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পরস্পর বন্ধু ছিলেন বলে জানা গেছে।
নিহত দুই তরুণ হলেন—জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে জাবেদ ও রিয়াদুল মোটরসাইকেল যোগে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। আছুরীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এবং উভয় যানের গতি বেশি থাকায় সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানটি ফেলে চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, আজ ভোর থেকেই মৌলভীবাজারের বিভিন্ন সড়কে ঘন কুয়াশা ছিল। বিশেষ করে আঞ্চলিক মহাসড়কগুলোতে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। এমন বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত গতিতে গাড়ি চালানোই এই মর্মান্তিক পরিণতির কারণ বলে ধারণা করা হচ্ছে।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, ঘাতক পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শীতের শুরুতে ঘন কুয়াশার কারণে মৌলভীবাজারের বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

