বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের অপসারণ চেয়ে দায়ের করা রিট আবেদনটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, রিটকারী আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় রিট আবেদনটি খারিজ করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ল-ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু আইজিপি বাহারুল আলমের অপসারণ চেয়ে হাইকোর্টে এই রিটটি দায়ের করেছিলেন। এর আগে, গত ৬ ডিসেম্বর তিনি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসার কারণে বাহারুল আলমকে বরখাস্ত করার দাবিতে প্রধান উপদেষ্টাকে রেজিস্ট্রি ডাকযোগে একটি চিঠিও পাঠিয়েছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ অনেকে নিহত হন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের ১৭ ডিসেম্বর নিহতদের স্বজনরা শেখ হাসিনা, মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।
এরপর সরকার ২৩ ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্যতম দায়িত্ব ছিল—অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, আলামত ধ্বংসকারী ও ইন্ধনদাতাদের চিহ্নিত করা, পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে দেশি-বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ ও সংগঠন চিহ্নিত করা।

