ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান: “আমরা খুঁজতেছি, প্রাইম সাসপেক্টকে খুঁজতেছি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারবো। আমরা জনগণের সহযোগিতা চাইছি।”
তিনি আরও বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপি কমিশনার জানান, “তাঁদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।”
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে।

