তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সোমবার (৫ জানুয়ারি ২০২৬) জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। মূলত বাংলাদেশি ক্রিকেটারের প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নেতিবাচক আচরণের প্রেক্ষাপটে এই কূটনৈতিক ও প্রশাসনিক কঠোর বার্তা প্রদান করা হলো।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে নেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট বা যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায়নি। সরকারের মতে, কোনো কারণ ছাড়াই বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার এই প্রক্রিয়া বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনগণকে ব্যথিত, মর্মাহত এবং চরমভাবে ক্ষুব্ধ করেছে।
দেশের মর্যাদা ও জনগনের আবেগকে সম্মান জানিয়ে সরকার মনে করছে, এমন পরিস্থিতিতে আইপিএলের মতো টুর্নামেন্ট বাংলাদেশে প্রচার করা সংগত নয়। ফলে দেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল কিংবা অনলাইন স্ট্রিমিং সাইট আইপিএলের কোনো ম্যাচ সরাসরি সম্প্রচার করতে পারবে না। এমনকি এই লিগ সংশ্লিষ্ট কোনো আলোচনা অনুষ্ঠান বা হাইলাইটস প্রচারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
চলতি বছরের আইপিএলে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে বেশ কয়েকদিন ধরেই জটিলতা চলছিল। ভারতের অভ্যন্তরে কট্টরপন্থী কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি এই ক্রিকেটারকে স্কোয়াডে না রাখার জন্য বিক্ষোভ ও চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। গত শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনা প্রদান করেন। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ জানিয়ে দেয়, মুস্তাফিজ আর তাদের দলের সদস্য হিসেবে থাকছেন না।
এই ঘটনার পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজপথেও প্রতিবাদের ঝড় ওঠে। সরকারের দুই জন উপদেষ্টা ইতিমধ্যে আইপিএল সম্প্রচার বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন, যার চূড়ান্ত প্রতিফলন ঘটলো আজকের এই সরকারি আদেশের মাধ্যমে।
সরকারের এই আকস্মিক ও কঠোর সিদ্ধান্তে বাংলাদেশের ক্রীড়া সম্প্রচার শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত আইপিএল চলাকালীন দেশের স্পোর্টস চ্যানেলগুলো বড় অংকের বিজ্ঞাপন আয় করে থাকে। তবে জাতীয় স্বার্থ ও খেলোয়াড়দের সম্মানের প্রশ্নে সরকার কোনো আপস না করার নীতি গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের ফলে আইপিএলের প্রচারস্বত্ব কেনা প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ নাগরিকরা সরকারের এই দেশপ্রেমমূলক অবস্থানকে স্বাগত জানিয়েছেন।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলে রাষ্ট্রপক্ষ থেকে এমন জোরালো প্রতিবাদ আসা প্রয়োজন ছিল। মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলারকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক চাপের মুখে দল থেকে বাদ দেওয়া ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী বলে তারা মনে করছেন।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন এখন দৃশ্যমান। মুস্তাফিজকে বাদ দেওয়ার এই ইস্যুটি কেবল একটি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন জাতীয় আবেগের বিষয়ে পরিণত হয়েছে। সরকার স্পষ্ট করে দিয়েছে যে, বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিসিসিআইয়ের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও এই ঘটনার প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপাতত বাংলাদেশের দর্শকরা ঘরে বসে আইপিএল দেখার সুযোগ হারাচ্ছেন, তবে মুস্তাফিজের প্রতি সংহতি প্রকাশ করে এই ত্যাগের বিষয়ে দেশের একটি বড় অংশ একমত পোষণ করছে। এখন দেখার বিষয়, বিসিসিআই তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কি না অথবা এই নিষেধাজ্ঞার পর আইপিএল কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় কি না।

