সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (UN Peacekeeping Mission) দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত জার্মানি এবং কানাডার দূতাবাস। একইসঙ্গে তারা হামলায় আহত শান্তিরক্ষীদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) জার্মান দূতাবাস এক বার্তায় জানায় যে, জার্মানি উল্লেখযোগ্য আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং জনবল দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম সমর্থক হিসেবে বাংলাদেশের পাশে রয়েছে।
বার্তায় আরও বলা হয়, বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের সাহসী ও গুরুত্বপূর্ণ অবদানকে জার্মান গভীরভাবে মূল্যায়ন করে।
কানাডিয়ান দূতাবাস পৃথক বার্তায় বলেছে, এই কঠিন সময়ে কানাডা বাংলাদেশের জনগণ ও সরকারের পাশাপাশি সমগ্র জাতিসংঘ শান্তিরক্ষা সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করছে।
কানাডিয়ান দূতাবাস আরও উল্লেখ করে যে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত। শান্তি প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি সুদানে দায়িত্ব পালনরত অবস্থায় হামলায় কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আহত হন।

