ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম, ডাকসু প্রতিনিধি দলের সদস্য) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি, এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব।”
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের ওসমান হাদি এখন অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, এজন্য দোয়া কামনা করছি।”
সাংবাদিকদের পক্ষ থেকে ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা বর্তমানে দেশে আছেন নাকি পালিয়ে গেছেন—এমন সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সংক্ষিপ্ত মন্তব্য করেন, “সবকিছু তো এখানে বলা যাবে না।” তার এই মন্তব্য তদন্তের গোপনীয়তার দিকে ইঙ্গিত করে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা হয়। এই হামলার ঘটনায় ডাকসু প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ন্যায়বিচার ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে প্রেরণ করা হয়েছে।

