সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার ইইউ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এই সমবেদনা জ্ঞাপন করা হয়। ইইউ একইসঙ্গে হামলায় আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
ইইউর বিবৃতিতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এতে বিশ্বজুড়ে দায়িত্ব পালন করা বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহস, উৎসর্গ এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করা হয়।
ইইউ ছাড়াও ছয় বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশন। পশ্চিমা বিশ্বের এই কূটনৈতিক সংস্থাগুলো বাংলাদেশের শান্তিরক্ষীদের ত্যাগ ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকার প্রতি সম্মান প্রদর্শন করেছে।

