ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার পর বর্তমানে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাঁকে ‘কনজারভেটিভ ম্যানেজমেন্টে’ (পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা) রেখেছে বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) মেডিকেল বোর্ড এই বিবৃতি প্রকাশ করে তাঁর সার্বিক অবস্থা তুলে ধরে।
বিবৃতিতে মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ ও গৃহীত সিদ্ধান্তগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছে: মস্তিষ্ক: রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
ফুসফুস: ফুসফুসে ইনজুরি রয়েছে। অল্প পরিমাণে রক্ত নির্গত হওয়ায় চেস্ট ড্রেইন টিউব চালু রাখা হয়েছে। সংক্রমণ ও এআরডিএস (ARDS) প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে।
কিডনি: কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। এটি বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে।
রক্ত: পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা (DIC) দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত সঞ্চালন অব্যাহত থাকবে।
হৃদপিণ্ড: ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃৎস্পন্দন ওঠানামা করছে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাপোর্ট চলমান থাকবে। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য টিম প্রস্তুত রয়েছে।
মেডিকেল বোর্ড জানিয়েছে যে, বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও স্টাফদের ‘অসাধারণ ও মানবিক অবদানের’ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
রোগীর পরিবারের সদস্য ও দেশবাসীর কাছে বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হয়েছে। অপ্রয়োজনে হাসপাতালে ভিড় করা বা ভিজিটর আসা অনুমোদিত নয়।
সবাইকে কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

