জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) নবনিযুক্ত আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগ মাদক পাচার, মানব পাচার, দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠিত অপরাধ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে তাদের অংশীদারিত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় ইউএনওডিসি’র নবনিযুক্ত প্রতিনিধি এই আগ্রহের কথা জানান।
ক্রিস্টিয়ান হোলগ ইউএনওডিসি’র গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর বিস্তৃত প্রভাব নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ উদ্যোগ এগিয়ে নেওয়া এবং কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখতে চেয়েছেন।
ঢাকায় তার প্রথম সফরে নবনিযুক্ত আঞ্চলিক প্রতিনিধিকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বাংলাদেশ এবং ইউএনওডিসি’র মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা করেন, বাংলাদেশ সরকার এবং ইউএনওডিসি’র মধ্যে প্রস্তাবিত সহযোগিতা কাঠামোর চূড়ান্তকরণ ভবিষ্যতে দৃশ্যমান ও বাস্তব ফলাফল বয়ে আনবে।
একইসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশে তাদের কাজের সম্প্রসারণ এবং বৃহত্তর সহযোগিতাকে সমর্থন করার জন্য ঢাকায় একটি ইউএনওডিসি কান্ট্রি অফিস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পররাষ্ট্র উপদেষ্টা এই অঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে আরও বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা এই অঞ্চলে মাদক এবং অন্যান্য সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের চ্যালেঞ্জ কার্যকরভাবে প্রশমিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্রিস্টিয়ান হোলগ একই দিনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

