রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়, বসিলার টেক্কা মিয়ার মোড় এলাকায় পরিচালিত এই অভিযানে ৬ জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা জানতে পারেন যে, রায়েরবাজার ও টেক্কা মিয়ার মোড় এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সদস্য ও মাদক কারবারি একত্রিত হয়ে বড় ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে।
তৎক্ষণাৎ বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন এবং সাঁড়াশি অভিযান শুরু করেন। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— বাচ্চু (৩৫), সাগর (১৯), রুদ্র (২১), শাকাওয়াত (২৭), শুক্কুর (৪৫) ও রাকিব (২৮)।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে: দেশীয় অস্ত্র: ২টি ধারালো তলোয়ার, ১টি চাইনিজ কুঠার এবং ৩টি সামুরাই। মাদকদ্রব্য: ১০২ পুরিয়া হেরোইন এবং ৩৯৫ পুরিয়া গাঁজা। অন্যান্য: মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৮৫০ টাকা এবং ৪টি মোবাইল ফোন।
সেনা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার, ছিনতাই এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত আলামতসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদপুর ও বসিলা এলাকায় সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর এই ধারাবাহিক অভিযান স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সন্ত্রাস ও মাদক নির্মূলে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের কঠোর ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

