দেশে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্ল্যাটফর্ম বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক লিমিটেড (The City Bank Limited) চালু হওয়ার মাত্র তিন বছরেই ৫ হাজার কোটি টাকার বেশি জামানতবিহীন ডিজিটাল ঋণ (Digital Loan) বিতরণ করেছে। এই সময়ে মোট ১ কোটি ২৭ লাখ বারেরও বেশি সংখ্যক গ্রাহক বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংকের এই ঋণ সুবিধা গ্রহণ করেছেন।
এই ডিজিটাল ঋণ সুবিধা দেশের ৬৪টি জেলা থেকে ১৯ লাখেরও বেশি গ্রাহক গ্রহণ করেছেন। উল্লেখযোগ্যভাবে, ঋণ গ্রহণকারী গ্রাহকদের ২৫ শতাংশই নারী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঋণ সুবিধা গ্রহণকারীদের অধিকাংশই একাধিকবার এই সেবা ব্যবহার করেছেন।
বিকাশ অ্যাপের মাধ্যমে এই ঋণ প্রাপ্তির সুবিধা সাধারণ গ্রাহকদের পাশাপাশি প্রথাগত ব্যাংকিং সেবার বাইরে থাকা বা সীমিত ব্যাংকিং সুবিধা পাওয়া গ্রাহকদের জন্য আর্থিক সেবার সুযোগকে বিস্তৃত করছে, যা দেশে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও টেকসই করে তুলছে।
বিকাশ এবং সিটি ব্যাংক যৌথভাবে গ্রাহকের লেনদেনের তথ্য বিশ্লেষণ ও উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করছে, কোন গ্রাহক সিটি ব্যাংক থেকে কত টাকার ঋণ পাবেন। গ্রাহকরা কোনো ধরনের নথিপত্রের বা কাগজপত্রের জটিলতা ছাড়াই যেকোনো সময় মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারছেন।
গ্রাহকরা এই ঋণ মূলত চিকিৎসা, শিক্ষা, ব্যবসার মূলধন বৃদ্ধি, নতুন উদ্যোগ শুরু করা, ভ্রমণসহ নানা ধরনের জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করছেন।
বিকাশ অ্যাপ থেকে সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ নেওয়ার সময় কোনো নথিপত্রের প্রয়োজন হয় না। ঋণ নেওয়ার পর নির্ধারিত তারিখে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা জমা হয়ে যায়।
গ্রাহকরা ঋণ নেওয়ার সময় অ্যাপ থেকেই ঋণের সুদের হার (Interest), প্রসেসিং ফিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য স্বচ্ছভাবে দেখে নিতে পারেন। বিশেষ সুবিধা হিসেবে, কোনো গ্রাহক নির্ধারিত সময়ের আগে ঋণ পরিশোধ করতে চাইলে শুধু যে কয়দিনের জন্য ঋণ নিয়েছেন, সেই কয়দিনের জন্যই তাকে সুদ পরিশোধ করতে হয়। কিস্তি পরিশোধের তারিখ অ্যাপ নোটিফিকেশন এবং এসএমএস-এর মাধ্যমে গ্রাহকদের আগে থেকেই মনে করিয়ে দেওয়া হয়।
জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা আরও সহজ করতে বিকাশ এবং সিটি ব্যাংক সম্প্রতি যৌথভাবে ‘পে-লেটার’ (Pay-Later) নামের একটি নতুন সেবাও চালু করেছে। এই সেবার মাধ্যমে, গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও প্রয়োজনীয় কেনাকাটার জন্য সিটি ব্যাংকের ডিজিটাল ঋণের লিমিট ব্যবহার করে সরাসরি মূল্য পরিশোধ করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ‘পে-লেটার’-এর মাধ্যমে নেওয়া ঋণ ৭ দিনের মধ্যে পরিশোধ করলে গ্রাহককে কোনো ধরনের সুদ (Interest) দিতে হয় না। এছাড়া, এই ঋণ সহজ মাসিক কিস্তিতেও পরিশোধ করার সুযোগ রয়েছে।

