ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিশাত তাসনিম শুচি ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫’ এ মর্যাদাপূর্ণ ‘সিইও অব দ্য ইয়ার’ (CEO of the Year) পুরস্কারে ভূষিত হয়েছেন। তার বিচক্ষণ নেতৃত্ব এবং ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের’ চতুর্থ আসরে এই পুরস্কার প্রদান করা হয়। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বর্ষসেরা সম্মাননা ক্রেস্ট বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপ আরও একটি সম্মাননা অর্জন করেছে। ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলমকে তাঁর অসামান্য অবদানের জন্য ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়।
চলতি বছর বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে দেশের ব্যবসায়িক খাতের মোট ২৪ জন শীর্ষ ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে নিশাত তাসনিম শুচিকে বার্ষিক ১০০ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করা হয়।
ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি এবং মোটরসাইকেল ব্যাটারি অত্যন্ত সুনামের সঙ্গে উৎপাদন ও বাজারজাত করে আসছে। নিশাত তাসনিম শুচির দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে এসব পণ্যের উন্নয়নের পাশাপাশি বর্তমানে প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে, যা প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

