দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী দুই বছরের জন্য সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াদ মাহমুদ। অন্যদিকে, সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিএপিএলসি নির্বাচন বিধিমালা ও তফসিল অনুসারে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্প্রতি এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএপিএলসি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করে।
নব নির্বাচিত নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা বিভিন্ন খাত থেকে এসেছেন, যা পুঁজিবাজারের বহুমাত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। কমিটির সদস্যরা হলেন:
দেশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের, আমরা নেটওয়ার্কস লিমিটেডের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফরহাদ আহমেদ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ মো. নুরুন নেওয়াজ, শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও মো. ইমাম শাহীন
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও ফারজানা চৌধুরী, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির এমডি ও সিইও হুমায়ূন রশিদ
নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ন্যাশনাল হাউজিং ফাইনান্স পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক জিয়াদ রহমান, রবি আজিয়াটা পিএলসির পরিচালক শরীফ শাহ জামাল রাজ, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জাফর আহমেদ পাটওয়ারী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মো. শরীফ হাসান, সামিট পাওয়ার লিমিটেডের এমডি মনিরুল ইসলাম আখন্দ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পরিচালক চৌধুরী কামরুজ্জামান, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি মো. জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও হাসান তারেক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি উজ্জ্বল কুমার সাহা এবং ই-জেনারেশন পিএলসির এমডি মো. আব্দুল্লাহ আল এমরান।
নতুন এই কমিটির অধীনে বিএপিএলসি আগামী দুই বছর দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বার্থ সংরক্ষণ এবং বাজারের উন্নয়নে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

