জনগণের মৌলিক চাহিদা ও দীর্ঘদিনের প্রত্যাশাকে পাশ কাটিয়ে কেবল লোকদেখানো সংস্কার দিয়ে রাষ্ট্রের প্রকৃত সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লবে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, জনগণের বাস্তব চাহিদাকে যতক্ষণ না রাষ্ট্রীয় সিদ্ধান্তে রূপান্তর করা যাচ্ছে, ততক্ষণ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে না।
মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সীমাবদ্ধতাগুলো কঠোরভাবে তুলে ধরেন। তিনি বলেন, “আমরা মুখে বলি জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু বাস্তবে সেই বিপুল জনশক্তিকে ইতিবাচক পরিবর্তনের পথে ব্যবহার করার কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না। জনগণের প্রয়োজন ও আকাঙ্ক্ষাগুলো স্পষ্ট হওয়ার পরও সেগুলোকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
মান্না আক্ষেপ করে বলেন, দেশের একটি বিশাল জনগোষ্ঠী আজও বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা জানে না ঠিক কোন ধরনের নেতৃত্ব তাদের ভাগ্যোন্নয়ন ঘটাতে পারে কিংবা কী ধরনের সরকার ব্যবস্থা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। জনগণের এই রাজনৈতিক অসচেতনতাকে পুঁজি করেই বছরের পর বছর ধরে ক্ষমতার রাজনীতি পরিচালিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, অধিকার আদায়ের লড়াইকে আরও বেগবান করা প্রয়োজন। তবে সেই লড়াই হতে হবে অত্যন্ত সুসংগঠিত ও লক্ষ্যমুখী। বর্তমান সরকারের অধীনেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ধারাবাহিক প্রচারভিযান ও ক্যাম্পেইন চালানো জরুরি বলে তিনি মনে করেন।
বক্তব্যের এক পর্যায়ে মান্না মানবিক সংকটের বিষয়টি সামনে এনে বলেন, “আমাদের সমাজের অনেক মানুষ এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে নিখোঁজ কিংবা বিদেশের কারাগারে বন্দি অবস্থায় আছেন। এমন বিপর্যস্ত অবস্থায় থাকা মানুষের কাছে গিয়ে আন্দোলন বা লড়াইয়ের কথা বলা সব সময় বাস্তবসম্মত হয় না। তাই রাজনীতিকে আগে মানুষের জীবনের বাস্তব সমস্যার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”
মাহমুদুর রহমান মান্না স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক সংকটের মূলে রয়েছে ত্রুটিপূর্ণ রাজনীতি। তিনি সতর্ক করে বলেন, রাজনীতির মূল ধারা এবং গুণগত পরিবর্তন ছাড়া সমাজের অন্য কোনো ক্ষেত্রে সংস্কার স্থায়ী বা টেকসই হবে না। তার মতে, বর্তমানের মূলধারার রাজনীতি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের বাস্তব সমস্যাগুলো থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। এই দূরত্ব না ঘুচিয়ে কোনো বড় ধরনের পরিবর্তন সম্ভব নয়।
‘প্রবাসীর ডাক’ সংগঠনের প্রধান সমন্বয়ক মো. মঞ্জুর হোসেন ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, বাস্তুহারা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সচিব ড. আনিস আউয়াল, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির এবং আবদুর রহিম। বক্তারা অভিবাসী শ্রমিক ও প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বিপুলসংখ্যক প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা প্রবাসীদের আইনি সুরক্ষা এবং বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান আইনি জটিলতা নিরসনেরও দাবি জানান।

