পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশবাসীর প্রতি এর পবিত্রতা বজায় রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও নবনির্বাচিত বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে রমজান আমাদের দুয়ারে সমাগত। এই মাসটি কেবল উপবাসের নয়, বরং তাকওয়া অর্জন, পারস্পরিক সহনশীলতা এবং সহমর্মিতা চর্চার এক অনন্য সুযোগ। বিশেষ করে রমজানের শেষ দশকে থাকা লাইলাতুল কদরকে তিনি হাজার মাসের চেয়েও উত্তম ও বরকতময় রাত হিসেবে উল্লেখ করে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হওয়ার পরামর্শ দেন।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, গত ১২ ফেব্রুয়ারি একটি ‘ফ্যাসিবাদমুক্ত’ পরিবেশে জাতি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশ এখন গণতন্ত্রের পথে হাঁটছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘পতিত স্বৈরাচারের’ দোসররা এখনো ওত পেতে আছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার ব্যবস্থাপনার বিষয়টি। ডা. শফিকুর রহমান বলেন, নতুন সরকারকে জনগণের জীবনমান উন্নয়নে শুরু থেকেই কঠোর হতে হবে। বিশেষ করে রমজান মাসে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট যেন ইফতার সামগ্রী বা নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর দিতে হবে। তিনি বর্তমান সরকারকে সব ধরনের বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন।
দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে তিনি প্রয়োজনে ভর্তুকি দিয়ে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান। তার মতে, সাধারণ মানুষ যেন অন্তত স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারে, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সমাজ থেকে সব ধরনের অশ্লীলতা ও বেহায়াপনা দূর করতে কার্যকর ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। ডা. শফিকুর রহমান দেশবাসীকে মহাগ্রন্থ আল-কুরআনের শিক্ষার আলোকে জীবন গড়ার এবং রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত আমিরের এই গঠনমূলক ও সতর্কতামূলক অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বিরোধী দলের পক্ষ থেকে আসা এই আহ্বান বাজার নিয়ন্ত্রণে সরকারকে বাড়তি চাপে রাখবে বলে ধারণা করা হচ্ছে।

