গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তাপস হালদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (২৪ ডিসেম্বর) তাঁকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত তাপস হালদার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কোটালীপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। ওই সময় জনমনে চরম আতঙ্ক সৃষ্টিসহ জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটানো হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং আরও অন্তত ১,৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সাথে সম্পৃক্ততা পাওয়ায় তাপস হালদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহামুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “সাবেক ছাত্রলীগ নেতা তাপস হালদারকে নির্দিষ্ট মামলায় গ্রেফতার করে আজ জেলহাজতে পাঠানো হয়েছে। ১৬ জুলাইয়ের সেই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করতে আমরা ভিডিও ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করছি। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না; বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

